বিজ্ঞাপন বিতর্কে দুই লাখ ফলোয়ার খোয়ালেন সিডনি সুইনি
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ সেপ্টেম্বর): বিজ্ঞাপনী প্রচারে অংশ নিয়ে ইনস্টাগ্রামে বড় ধাক্কা খেলেন হলিউডের আলোচিত তরুণ মডেল ও অভিনেত্রী সিডনি সুইনি। সম্প্রতি একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপনে খোলামেলা বা নগ্ন পোশাকে অংশ নেওয়ার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর জেরে মাত্র দুই দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে দুই লাখের বেশি অনুসারী বা ফলোয়ার হারিয়েছেন এই তারকা।
সম্প্রতি গেমভিত্তিক একটি বেটিং অ্যাপ ‘নভিগ’-এর বিজ্ঞাপনে কাজ করার পর থেকেই চারদিকে শুরু হয় সমালোচনার ঝড়। এমনকি নারী ক্রীড়াবিদদের একটি পক্ষ থেকেও এই বিজ্ঞাপনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আলোচিত এই বিজ্ঞাপনটি প্রকাশের পর অনলাইনে ব্যাপক সাড়া ফেললেও ইনস্টাগ্রামে এর প্রভাব পড়েছে নেতিবাচকভাবে। ভিডিওটিতে ১১ লাখের বেশি লাইক পড়লেও বিপত্তি বাধে পরবর্তীতে। যদিও বিজ্ঞাপন প্রকাশের প্রথম তিন দিনে সিডনির অনুসারী কমার বদলে উল্টো প্রায় ৫০ হাজার বেড়েছিল, কিন্তু তার ঠিক পরেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। সোশ্যাল ব্লেড নামের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের দেওয়া হিসাব অনুযায়ী, গত রবিবার এক দিনেই এই অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন ফলোয়ার সরে যান। এরপর সোমবার আরও প্রায় ৬৮ হাজার মানুষ তাকে আনফলো করেন। সবমিলিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে তার অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি অনুসারী কমে যায়।
অবশ্য সিডনির বিশাল অনুসারী ভাণ্ডারের তুলনায় এই সংখ্যাটি খুব একটা বড় নয়। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা আড়াই কোটিরও (২ কোটি ৫০ লাখ) বেশি। ফলে সামগ্রিক অনুসারীর তুলনায় এই দুই দিনে হারানো ফলোয়ারের হার ১ শতাংশেরও কম।
এদিকে এই বিজ্ঞাপন বিতর্ক এবং চারপাশের সমালোচনা নিয়ে মুখ খুলেছেন সিডনি সুইনি। নিজের পক্ষে সাফাই গেয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অভিনেত্রী জানান, ‘মূলত একটি মজার ভাবনাকে কেন্দ্র করেই এই প্রচারণায় অংশ নেওয়া হয়েছিল। এর পেছনের আইডিয়াটি একদম সহজ—জীবনের বাকি সব কোলাহল সরিয়ে রেখে সম্পূর্ণ মনোযোগ খেলার দিকে নিবদ্ধ করা। পুরো প্রচারণাটিতে আত্মবিশ্বাস, নির্মল রসিকতা এবং খেলাচ্ছলে সেই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’
মনোয়ারুল হক/
