ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় একতাবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কখনোই কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে, তবে বাহিনীটি সর্বদাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে।
সংবর্ধনাস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনীর যুগান্তকারী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, একাত্তরে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা এনেছিলেন, চব্বিশেও দেশের ছাত্র-জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতা রক্ষা করেছে। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে বর্তমান প্রজন্মের সামনে দুটি প্রধান দায়িত্ব রয়েছে—যেকোনো মূল্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং শহীদদের স্বপ্নের নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা।
সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস স্মরণ করে তারেক রহমান জানান, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়েই এই বাহিনীর যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বীকৃতি পায়।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা শুরু করলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ জিয়ার নিজস্ব লেখনীর উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাসদস্যদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন এবং পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা প্রচার করেন।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্যের প্রতীক। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার বানানোর অপচেষ্টা রুখে দিলেও ষড়যন্ত্র থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংস সেনা হত্যাযজ্ঞ চালানো হয়, যা দেশকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছিল।
সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার কাজ শুরু করেছে। তিন বাহিনীর সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করা হয়েছে।
আধুনিক বিশ্বের বহুমাত্রিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের পরিকল্পনার কথাও জানান তিনি। বাহিনীর শক্তিমত্তা ধরে রাখতে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান ও সাবেক সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
দেশের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে শুরু করে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন। তিনি দেশ-বিদেশে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদানের কথা স্মরণ করেন এবং বাহিনীর প্রশিক্ষণ ও উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে আবেগাপ্লুত হয়ে পড়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্মরণ করেন, তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। তিনি তাঁর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা এবং ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
