আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী বিধিবদ্ধ আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশটি প্রেরণ করেন।

মন্ত্রিপরিষদ সচিবসহ পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এই নোটিশে উল্লিখিত পদক্ষেপগুলো কেন গ্রহণ করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়। ওই রিট আবেদনে রুল নিশি জারির পাশাপাশি উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আর্জি জানানো হবে।

নোটিশে এই নিষেধাজ্ঞার একটি সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির লক্ষ্যে জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন চালু না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি নিষিদ্ধ কর্মকাণ্ডে অর্থায়ন কিংবা তা সংগঠিত করার দায়ে শাস্তির বিধান, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগগুলো তদন্তের জন্য সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিন মেয়াদি একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিও নোটিশে তুলে ধরা হয়েছে। এই তদন্ত প্রক্রিয়ায় অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা অনুসন্ধান করে প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে অবহিত করতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয় নোটিশে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত ও প্রমাণ সাপেক্ষে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছেন ওই আইনজীবী। তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে এই শাস্তির আওতামুক্ত রাখার বিষয়টিও নোটিশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ