১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রির লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), বর্ষসেরা স্টার্টআপ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের। এছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করতে এসব আয়োজন করা হচ্ছে।

মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক এবং সহযোগী পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

মেলায় দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা প্রবেশমূল্যে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা ও পরামর্শের সুযোগ পাবেন উদ্যোক্তারা। ঋণসংক্রান্ত বিভিন্ন তথ্য জানার পাশাপাশি ব্যাংক ও উদ্যোক্তার সমঝোতা হলে মেলা থেকেই ঋণের আবেদন করা যাবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ