যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ অক্টোবর): রাজধানীর তীব্র যানজট সমস্যা দূর করতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনার এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে প্রকল্পের বর্তমান পরিকল্পনা পুনর্বিবেচনা ও কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে সমাধান করা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা বা সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন সরকারপ্রধান।

উক্ত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ