জনশক্তি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ ও আলজেরিয়া

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ জুলাই) : বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি, জ্বালানি এবং বাণিজ্যসহ বহুমুখী সহযোগিতা জোরদার করতে একটি ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়োপযোগী পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি প্রতিমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। একই সাথে বাংলাদেশ থেকে আলজেরিয়ায় দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলজেরিয়ার সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর পাশাপাশি ওষুধ শিল্প, কৃষি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, জাহাজ নির্মাণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির নানাবিধ সুযোগ নিয়ে দুই দেশের প্রতিনিধি বিস্তারিত আলোচনা করেন। শামা ওবায়েদ ইসলাম দুই ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রদূত সাইদানি বাংলাদেশের জ্বালানি, কৃষি, ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পের ভূয়সী প্রশংসা করেন এবং এসব খাতে আলজেরিয়ার সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গতি বাড়াতে আলজেরিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ