বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান, গভীর উদ্বেগ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ জুলাই) : বৈশ্বিক বাসযোগ্যতার সূচকে ঢাকার তলানি অবস্থান নিয়ে তীব্র উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সাম্প্রতিক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় স্থান পাওয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন তিনি। সরকারপ্রধান স্পষ্ট করে বলেছেন, “বিষয়টিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ঢাকার পরিবেশ ও বাসযোগ্যতার এই সংকট নিয়ে আমাদের অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এবং গভীরভাবে চিন্তা করতে হবে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী) পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর যৌথ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

পরিবেশ দূষণ রোধে নাগরিক সচেতনতার ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পরিবেশকে দূষণমুক্ত এবং বাসযোগ্য করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্ভাগ্যবশত, আমাদের সমাজের একটি বড় অংশই পরিবেশ সচেতনতার বিষয়ে এখনো অনবহিত।”

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করাকে এখন একটি পবিত্র নাগরিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। একই সাথে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যার যার সামর্থ্য অনুযায়ী দেশবাসীকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিশ্বের ১৭৩টি শহরের ওপর জরিপ চালিয়ে এই বাসযোগ্যতার সূচক প্রকাশ করে আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী ‘ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’। এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের মধ্যে তৃতীয় শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

এর আগের বছর অর্থাৎ, ২০২৫ সালের সূচকেও ঢাকা একই অবস্থানে ছিল, যা শহরের পরিবেশগত ও কাঠামোগত টেকসই উন্নয়নের চ্যালেঞ্জকে আরও একবার সামনে এনে দাঁড় করিয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ