তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (৫ এপ্রিল) : জনসাধারণের মাঝে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। সকলের কাছে অনুরোধ করব- যেন কোনো মিথ্যা-বানোয়াট খবর প্রচার না হয়, সেদিকে আপনারা (সাংবাদিক) একটু নজর দেবেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, অনেক সময় একটি মহল সামন্য একটি শব্দের মাধ্যমে মিস ইনফরমেশন প্রচার করতে একটু সুযোগ খোঁজে। যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আছেন- এরকম কোনো আচার-আচরণ আমার চোখে পড়েনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানাভাবে এটি চেষ্টা করেন।
প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয়, এ বিষয়ে আমরা একটু চিন্তা করে দেখতে পারি- আমরা কি করতে পারি। এক্ষেত্রে আমরা যদি কোনো সিদ্ধান্তে যাই, তাহলে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেই যাব।
তিনি বলেন, সারাদেশে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। সর্বপ্রথম আজ ময়মনসিংহে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও চারটি জেলায় নির্মাণ কাজের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের প্রকল্পগুলো হাতে নেব। উপজেলা পর্যায়ে তথ্য কমপ্লেক্স নির্মাণ করার উদ্দ্যেগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করলাম। আমরা নির্বাচনের আগে যখন নির্বাচনি ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম- তখন উন্নয়নের কথা বলেছি। জনগণ আমাদের ওপর আস্থা রেখে নির্বাচিত করেছেন। এজন্য বিএনপি রাষ্ট্রপরিচালনার দ্বায়িত্ব পেয়েছে। রাষ্ট্রপরিচালনায় আসার পরেই দেখতে পেলাম- আগে উন্নয়নের নামে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছিল, সেগুলো আর বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন দুর্নীতির সঙ্গে প্রকল্পগুলো জড়িয়ে গিয়েছিল। অসমাপ্ত প্রকল্প প্রচুর আছে এবং প্রকল্পগুলো চলমানও নেই।
তিনি বলেন, যে তথ্য কমপ্লেক্সগুলো নির্মাণ হবে, সেগুলোর কোয়ালিটি যেন ঠিক থাকে, মেটেরিয়ালের মান যেনো ঠিক থাকে। আমি যতদিন এই তথ্য মন্ত্রণালয়ে আছি, ততদিন এখানে দুর্নীতি স্পর্শ করবে না। তথ্য কমপ্লেক্স নির্মাণে দুর্নীতি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমার নাম করে কিংবা সচিবের (মাহবুবা ফারজানা) নাম করে কেউ দুর্নীতির আশ্রয় নিলে আমাকে অথবা সচিবকে জানাবেন। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না।
তিনি বলেন, আমি চাই- তথ্য কমপ্লেক্সগুলোর নির্মাণকাজ সঠিক সময়ে যেনো সম্পন্ন হয়। সঠিক সময়ে প্রকল্প ব্যায় জমা না দিলে পরবর্তীতে ব্যায় অনেক বেড়ে যায়। পরে বলা হয়- রডসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এদিকে সংশ্লিষ্টরা নজর রাখবেন।
তিনি বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিকায়নের জন্য আইটি মেটারিয়ালস ডিজিটাল আর্জাইভসহ অনেক কিছু থাকবে। এতে সাংবাদিকরাও উপকৃত হবেন। ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স নির্মাণের পর কমপ্লেক্সে প্রেসক্লাবের জন্য একটি ফ্লোর লিজ দেওয়া যায় কিনা, সেদিকে আমি একটু খেয়াল করব।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রমূখ বক্তব্য রাখেন।
মনোয়ারুল হক/
