ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুই ডজন অঙ্গরাজ্যের মামলা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ এপ্রিল) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে প্রায় দুই ডজন ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন অঙ্গরাজ্য একটি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, মেইল-ইন ভোটিং সীমিত করতে জারি করা নতুন নির্বাহী আদেশটি সংবিধানবিরোধী এবং ভোটাধিকারকে বাধাগ্রস্ত করতে পারে।
শুক্রবার (০৩ এপিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দায়ের করা এই মামলায় ২৩টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি অংশ নিয়েছে। এতে নেতৃত্ব দেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এছাড়া পেনসিলভানিয়ার গভর্নরও এতে যুক্ত রয়েছেন।
মামলায় বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করছে। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ‘সময়, স্থান ও পদ্ধতি’ নির্ধারণের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে, প্রেসিডেন্টের নয়। এছাড়া, নতুন কোনো নির্বাচন-সংক্রান্ত বিধিনিষেধ আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের।
ট্রাম্পের জারি করা আদেশ অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) ভোটারদের একটি ফেডারেল তালিকা তৈরি করতে বলা হয়েছে। এছাড়া ডাক বিভাগকে (ইউএসপিএস) শুধু তালিকাভুক্ত যোগ্য ভোটারদের কাছেই মেইল-ইন ব্যালট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটাধিকার সংগঠনগুলোর মতে, এই ব্যবস্থা বাস্তবায়নে অসম্পূর্ণ ডেটা ব্যবহার হতে পারে এবং এতে অনেক বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্রে ব্যাপক ভোট জালিয়াতি হয়। তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা হেরিটেজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কয়েক দশকের রেকর্ডে ভোট জালিয়াতির হার অত্যন্ত কম।
আলজাজিরা জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই আইনি লড়াই শুরু হয়েছে। এই নির্বাচনের ফলেই কংগ্রেসের দুই কক্ষ তথা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট কার নিয়ন্ত্রণে থাকবে তা নির্ধারিত হবে।
বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের বিরুদ্ধে আবারও ইমপিচমেন্টের ঝুঁকি তৈরি হতে পারে।
মনোয়ারুল হক/
