ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাকর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। সাড়ে ১০টার দিকে বালিয়া মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর গাড়ির চালক (সার্জেন্ট) ও বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মনোয়ারুল হক/
