রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও ঠিক হয়নি: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ আগস্ট) : আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নূরুল ইসলাম মনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলমান রয়েছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে প্রকাশ করা হবে।’
রাষ্ট্রপতি পদে কেমন প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করতে অভ্যস্ত।’
তিনি আরও যোগ করেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দলীয় সীমানার ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত বলে গণ্য হবে।’
মনোয়ারুল হক/
