বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ আগস্ট) : বর্তমান বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল ও উপযোগী পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।
অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন এই কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বর্তমানে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
মনোয়ারুল হক/
