৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: উপদেষ্টা ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ আগস্ট) : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

তথ্য উপদেষ্টা জানান, রেলপথ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

তিনি আরও জানান, ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। অত্যন্ত নিখুঁতভাবে সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে এবং নির্দিষ্ট সময় শেষে প্রধানমন্ত্রী নিজে জাতির সামনে এসব বিষয় তুলে ধরবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ এক বছরের আলোচনার পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা ভোগ করবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন দেশে প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করেছে। এটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি এই প্ল্যান্টটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরীক্ষামূলক পাইলটিংয়ের অংশ হিসেবে গত ১০ মার্চ এই কার্যক্রম শুরু হয় এবং জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি কার্ড সফলভাবে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরবর্তীতে তথ্য সংগ্রহ সাপেক্ষে আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশে ৪১ লাখ পরিবারকে পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী জাতির সামনে ভাষণ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের এই সময়ের কার্যক্রম প্রধানমন্ত্রীর জনগণের সামনে তুলে ধরার জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ