ব্যবসা সহজীকরণে উচ্চপর্যায়ের জাতীয় টাস্কফোর্স গঠন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ আগস্ট) : দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও প্রতিযোগিতামূলক করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’ নামের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্সে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পরিবেশমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থ, পরিকল্পনা, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ।
এছাড়া কমিটিতে সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা স্থান পেয়েছেন। বিডার নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং এফবিসিসিআই, ডিসিসিআই ও এমসিসিআইসহ প্রধান কয়েকটি চেম্বার ও খাতের সংগঠনের সভাপতিরা এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণের লক্ষে খাতভিত্তিক সংস্কারের রোডম্যাপ অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে এই টাস্কফোর্সের প্রধান কাজ। পাশাপাশি লাইসেন্স প্রাপ্তি, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার এবং পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশনা দেবে কমিটি।
সরকারি সেবাসমূহ আধুনিকায়ন করতে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সেবা চুক্তি (এসএলএ), স্বয়ংক্রিয় অনুমোদন এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর ক্ষেত্রে নীতিগত দিকনির্দেশনা প্রদান করবে এই টাস্কফোর্স।
বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মধ্যকার জটিলতা দূর করা, আইন ও বিধি সংশোধন করা এবং ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের যেকোনো অভিযোগ ও অনিয়ম দ্রুত তদারকি করার দায়িত্বও এই কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।
গঠিত এই টাস্কফোর্স ত্রৈমাসিক ভিত্তিতে কাজের অগ্রগতি পর্যালোচনা করবে। এছাড়া প্রয়োজন সাপেক্ষে কমিটিতে নতুন সদস্য কো-অপ্ট করার এখতিয়ার রাখা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও নিয়ন্ত্রণ কমিয়ে সেবা প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার মাধ্যমে দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য।
মনোয়ারুল হক/
