রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ আগস্ট) : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই মন্ত্রীই নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করা এবং তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছেন।
এছাড়া, পুরো পরিস্থিতিটি পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত রবিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্পাঞ্চলের একটি সোফা তৈরির কারখানায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে ১৬ জন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান।
মনোয়ারুল হক/
