সৌদি আরবে সোফা কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি শ্রমিকের প্রাণহানি
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ আগস্ট) : সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে এবং নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নওগাঁর আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন—গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক (পিতা: মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামানিক), মো. মোহন ও মো. সুমন (পিতা: গুফফার প্রামানিক) এবং খরস্রোতা গ্রামের মজিদুল (পিতা: মজনু)। এই উপজেলার আরও ভুক্তভোগীরা হলেন—উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর। এ ছাড়া আত্রাই উপজেলার মিনহাজ নামের একজনের গ্রামের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির এই অগ্নিকাণ্ডে মারা গেছেন। এ ছাড়া অপর নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের ডাংগাপাড়া এলাকার বাসিন্দা শ্যামল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে নিহতদের এই প্রাথমিক পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দুর্ঘটনাটির বিষয়ে বিস্তারিত বিবরণ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মনোয়ারুল হক/
