এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ আগস্ট) : এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। আর ছাত্রদের পাসের পার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী এবং ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র।
মনোয়ারুল হক/
