চলতি বছর এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ আগস্ট): চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের তুলনায় এবার সামগ্রিক পাসের হার কিছুটা নিম্নমুখী হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই তুলনায় চলতি বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
যেভাবে ফলাফল দেখা যাবে
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ প্রতিষ্ঠান এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd অথবা eboardresults.com পোর্টালে গিয়ে পরীক্ষা (SSC/Dakhil/Equivalent), পাসের বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল ও মার্কশিট দেখা যাবে।
মোবাইল এসএমএস পদ্ধতি
যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে (উদাহরণ: SSC DHA 123456 2026)। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মনোয়ারুল হক/
