চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ আগস্ট) : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৯ আগস্ট) ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশের প্রক্রিয়া শেষে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) নিকট হস্তান্তর করা হয়।
পরবর্তীতে একই দিন বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
বিকেল ৫টা ১০ মিনিটে বিচারিক কার্যক্রম শুরু হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিকে কারাগারে পাঠানোর পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।
তিনি জানান, ডন আলোচিত সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তার দেশত্যাগে পূর্বে থেকেই আইনি নিষেধাজ্ঞা বলবৎ ছিল, তা সত্ত্বেও তিনি গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখা অত্যন্ত জরুরি বলে আদালতকে জানান তিনি।
মনোয়ারুল হক/
