মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ আগস্ট) : দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সূত্র জানিয়েছে, আগামী বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় মির্জা ফখরুল তার মার্জিত আচরণ, রাজনৈতিক প্রজ্ঞা এবং শান্ত স্বভাবের মাধ্যমে সব মহলে একটি বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সংকটকালীন মুহূর্তে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালনের জন্য তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিপক্বতাকে অত্যন্ত উপযোগী বলে মনে করছেন নীতিনির্ধারকরা। দলের কঠিন সময়েও তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন।

১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা মির্জা ফখরুল বর্ণাঢ্য এক রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা রুহুল আমিন এবং বড় চাচা মির্জা গোলাম হাফিজ অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রী ও স্পিকারের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করা এই বর্ষীয়ান নেতা ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন।

সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ