দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, দেশ গড়ার কাজেও সেই ঐক্যের ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে নির্বাচনের প্রাক্কালে আলেম-ওলামাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত করেন এবং কুশল বিনিময় করেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি হুজুরের কাছে কথা দিয়েছিলাম যে সুযোগ পেলে আসব। আল্লাহর রহমতে আজ আমি সেই ওয়াদা রক্ষা করতে পেরেছি এবং আমার প্রিয় হুজুরের সান্নিধ্যে আসতে পেরেছি। বিগত জাতীয় নির্বাচনে আলেম-ওলামাদের আন্তরিক সহযোগিতার কারণেই দেশ এক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছিল বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের বর্তমান চ্যালেঞ্জ ও সমস্যাগুলো এখনো পুরোপুরি কাটেনি।

বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের সম্পদ যথেচ্ছ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যার খেসারত আজ দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

সরকারের মূল লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তারা এমন একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান যেখানে প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা থাকবে এবং সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে বলে তিনি মত প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে কিছু মহলের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ও বিশৃঙ্খলার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন-পূর্ব সময়ের মতো দেশ গঠনেও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আলেম-ওলামাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা প্রাতিষ্ঠানিকভাবে সরকারে না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। নৈতিক সমাজ গঠন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার যৌথ দায়িত্ব সরকার ও আলেম সমাজ উভয়েরই।

উল্লেখ্য, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রোববার বিকেলে হেলিকপ্টারযোগে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ৩টা ২০ মিনিটে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে। এ সময় সেখানে উপস্থিত হাজারো সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ