গণমাধ্যমে বাস্তবসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : সমাজের স্বচ্ছ ও নির্ভরযোগ্য দর্পণ হিসেবে গণমাধ্যমকে কাজ করার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র ফুটে ওঠে। মেলা থেকে কেনা কমদামি আয়নায় যেমন মানুষের চেহারা বিকৃত দেখায়, তেমনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও বাস্তবতার প্রতিচ্ছবি যেন কোনোভাবেই বিকৃত না হয়।

রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মূল কাজ হলো সমাজের প্রকৃত চিত্র উন্মোচন করা, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করা এবং মানুষের প্রত্যাশা ও সংকটের কথা সঠিকভাবে তুলে ধরা। গণমাধ্যমকে একটি নিখুঁত ও নির্ভরযোগ্য আয়না হতে হবে, যাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিখাদ রূপ ফুটে ওঠে।

তিনি আরও বলেন, সমাজের বাস্তব রূপ কোনো ধরনের পক্ষপাত কিংবা বিকৃতি ছাড়াই সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ত্রুটিপূর্ণ বা পক্ষপাতদুষ্ট মাধ্যম কখনো সমাজের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারে না। জনগণের বিশ্বাস ও আস্তা অর্জনে গণমাধ্যমকে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি, অন্যথায় মানুষের আস্থার সংকট তৈরি হবে।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, একজন সংবাদকর্মীকে সবসময় বস্তুনিষ্ঠ হতে হবে। তথ্য পরিবেশনে সত্যের ব্যত্যয় ঘটলে সমাজে অনভিপ্রেত বিভাজন তৈরি হতে পারে। যাচাই-বাছাই না করে কোনো সংবাদ প্রচার করা হলে কেবল সংবাদকর্মী নন, এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও জনগণের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন।

তিনি উল্লেখ করেন, সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং সংবাদের উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা সংবাদকর্মীদের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। দল, ব্যক্তি বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রতি অন্ধ আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সাংবাদিকতার প্রধান ভিত্তি হিসেবে মানতে হবে।

জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মালিক হিসেবে নয়, বরং জনসেবক হিসেবে কাজ করার জন্যই জনগণ জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন। তাই রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের আচরণে সেবামূলক মানসিকতার প্রতিফলন ঘটা উচিত। ক্ষমতা কোনো ভোগ করার বস্তু নয়, এটি জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার একটি বড় আমানত।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ