রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদকে ১১ দলীয় ঐক্যের মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে নিজেদের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বৈঠক শেষে জোটের শরিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান যে, সর্বসম্মতিক্রমে কর্নেল (অব.) অলি আহমদকে তাদের জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এ সময় জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকরা আগামী ১৩ আগস্টের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরবর্তীতে ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রস্তাবক ও সমর্থক হিসেবে অংশ নেন এবং একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারলেও বাছাইয়ের পর একটি বৈধ প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
মনোয়ারুল হক/
