দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক (বগুড়া), এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে মেরামতের জন্য রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে অন্য একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলেসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে শহরের ছিলিমপুর এলাকার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত উড়ালসেতুতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার। তবে নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গো-খাদ্য বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের হিলির দিকে যাচ্ছিল। পথিমধ্যে শজিমেক হাসপাতালের সামনের উড়ালসেতুতে ওঠার পর হঠাৎ করেই ট্রাকটির পেছনের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালকসহ ট্রাকে থাকা কয়েকজন ব্যক্তি সড়কে নেমে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এর ফলে চাকা মেরামতের সঙ্গে যুক্ত তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আরও দুদুজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনজুর মোর্শেদ উল্লেখ করেন যে, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ