গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ আগস্ট) : সড়ক যোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রুট ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক।
এখন থেকে যেকোনো নতুন গণপরিবহনের নিবন্ধন কিংবা ফিটনেস সনদ গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জিপিএস সংযোজনের প্রমাণপত্র দেখাতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা প্রমাণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই কঠোর নির্দেশনার মূল লক্ষ্য হলো যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণ এবং গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী শৃঙ্খলা নিশ্চিত করা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নতুন গাড়ির নিবন্ধন কিংবা পুরোনো গাড়ির ফিটনেস নবায়ন—উভয় ক্ষেত্রেই জিপিএস সংযোজন এখন থেকে বাধ্যতামূলক শর্ত। এই শর্ত সঠিকভাবে পালিত হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিনির্ভর অবকাঠামো তৈরি করছে, যার মাধ্যমে খুব সহজেই গাড়িগুলোর জিপিএস স্ট্যাটাস পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এরই মধ্যে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে এই নিয়ম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।
তবে প্রযুক্তির এই সুফল শতভাগ পেতে হলে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সুশাসনের ওপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান মনে করেন, কেবল প্রযুক্তিগত ডিভাইস যুক্ত করলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি নিশ্চিত করা এবং কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। মূলত প্রযুক্তি এবং সুশাসনের সুসম সমন্বয়ের মাধ্যমেই কেবল দেশের সড়ক পরিবহন খাতে স্থায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মত প্রকাশ করেছেন তিনি।
মনোয়ারুল হক/
