বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে প্রধান আলোচ্য বিষয়

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ আগস্ট) : দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক গতিশীলতা এবং বহুল আলোচিত নতুন রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) অনুষ্ঠেয় এই বৈঠকে আগামী ২০২৬ সালের আগস্টের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা এবং প্রার্থীর নাম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

গত ২৬ জুলাই বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় প্রার্থী দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই স্থায়ী কমিটির বৈঠক থেকেই। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য প্রার্থীর তালিকায় রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং দলীয় সীমানার বাইরেও তার গ্রহণযোগ্যতা তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে। পাশাপাশি, দলের জ্যেষ্ঠ নীতিনির্ধারক খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগতভাবে দেখছে বিএনপি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ