সাম্প্রদায়িক বিভাজনের চক্রান্ত রুখে দেওয়া হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (৩১ জুলাই) : পাহাড়-সমতল কিংবা বর্ণ, ভাষা, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে দেশের মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টির চক্রান্ত সফল হতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩১ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বার্থসিদ্ধির জন্য কেউ ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রকে গ্রাস করতে চাইলে বুঝতে হবে সে মানবতা ও ধর্মের মূল মর্মবাণীরই বিরোধিতা করছে।

রাজনীতি ও ধর্মের ভিন্নতা তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় দর্শন আবর্তিত হয় সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে, আর রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থ। রাজনীতির কোনো প্রতীক বা মার্কা দেবত্ব প্রদত্ত নয় এবং কোনো নেতাই দেব-দেবী নন। জনগণের কল্যাণসাধনই রাজনীতির একমাত্র মাপকাঠি। ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজ ধর্মের প্রতি গভীর বিশ্বাস ও চর্চাই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে।

সকলের সমান অধিকার নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট ঘোষণা হলো— ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। জনগণের কাছে দেওয়া ওয়াদা পালনের মাধ্যমেই রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা হবে।

বরিশাল জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় এবং সূচনা পর্বে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ