নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক (হবিগঞ্জ), এবিসিনিউজবিডি, (৩১ জুলাই) : হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে এই লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, স্থানীয় এনসিপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নুর আলম চৌধুরী, ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, নাহিদ উদ্দিন তারেক ও ওয়াদুদ মাহমুদ চৌধুরীকে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়া নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান এনসিপির নেতা-কর্মীরা। হামলায় জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ছাত্রদল নেতা এনসিপি নেতাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মনোয়ারুল হক/
