শুভেচ্ছা সফরে চীনের তিন নৌযান চট্টগ্রাম বন্দরে
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ সেপ্টেম্বর): বাংলাদেশ ও চীনের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি বিশেষ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাল। জাহাজগুলো হলো—‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU)।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে ভিড়ে। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান। বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল তাদের ঐতিহ্যবাহী ও সুমধুর ব্যান্ডের সুরে স্বাগত জানায়।
চীনা জাহাজগুলোকে বরণ করতে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, সফরকারী চীনা নৌবহরটি দেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের বিশেষ অভ্যর্থনা ও এসকর্ট দিয়ে নিয়ে আসে।
চট্টগ্রামে এই পাঁচ দিনের অবস্থানকালে, সফরকারী জাহাজগুলোর শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশে এবং একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এ ছাড়াও দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও পেশাগত জ্ঞান বিনিময়ের নানা কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে—চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন, চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখা। একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনের এই জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন উভয়ের নৌবাহিনীর সদস্যরা নিজ নিজ পেশাগত কার্যক্রম ও উৎকর্ষ সরাসরি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
দ্বিপাক্ষিক এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মাঝে ভবিষ্যৎ প্রশিক্ষণ, পেশাগত সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। নির্ধারিত সফরসূচি শেষে এই তিন নৌযান আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
মনোয়ারুল হক/
