নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ জুলাই) : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টায় তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছান।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা।
সমাপনীতে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে। বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এতে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।
পরে বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন তিনি। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করবেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
সর্বশেষ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব হয় রাজধানীর ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার প্রমাণ রাখাদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাই করাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মূলত কোমলমতি শিশুদের করে মাঠমুখী করাই সরকারের লক্ষ্য।
মনোয়ারুল হক/
