রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ অক্টোবর): বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন যে, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক অংশীদারত্ব আরও প্রসারিত হলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আজ বুধবার জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোচনাকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি খাতের বহুমুখীকরণ, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব জোরালো করার নানা দিক নিয়ে বিস্তারিত কথা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন ও অপার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), উন্নত উৎপাদনশিল্প, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে। এ ছাড়া, দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে জাপানের সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি উভয় দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও মজবুত হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
জেটরের প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, বাংলাদেশের আকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি গন্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিয়ে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কাতাওকা সুসুমুকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
