জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ অক্টোবর): বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও অর্থনৈতিক বিনিয়োগ বহুমুখীকরণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওতে অবস্থিত জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে এই উচ্চপর্যায়ের বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে, নির্ধারিত সময়ের একটু আগে অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে সেখানে আন্তরিক অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

উভয় নেতার এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, বাণিজ্য ও বড় বিনিয়োগের ক্ষেত্রগুলো প্রসারিত করা, দেশের গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার খাটগুলোতে জাপানি সহায়তা ত্বরান্বিত করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতির নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঐতিহাসিক এই দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়াও উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদেরসহ প্রমুখ উচ্চপদস্থ কর্মকর্তা।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার সকালেই টোকিওতে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ