চিকিৎসক ও ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ সেপ্টেম্বর): রোগীদের মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও ফার্মাসিস্টদের সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি মন্তব্য করেন যে, উন্নত স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসকের ওপর নির্ভর করে না; এর পাশাপাশি নিরাপদ ওষুধের নিশ্চয়তা, দক্ষ ফার্মাসিস্টের উপস্থিতি এবং গবেষণা ও নতুন উদ্ভাবনের ওপরও সমভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আজ রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে আয়োজিত ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও সংবর্ধনা অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের ফার্মেসি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে সন্তোষ প্রকাশ করে সাখাওয়াত হোসেন জানান, দেশের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফার্মেসি বিভাগগুলোতে এখন মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের এই খাতের এগিয়ে আসাকে তিনি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক সাফল্যের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের তৈরি ওষুধ বিশ্বের ১৬০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে আমাদের ওষুধ শিল্প ইতিমধ্যে একটি দৃঢ় ও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে এবং বিশ্বজুড়ে দেশীয় ওষুধের চাহিদা ও সুনাম রয়েছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ফার্মাসিস্টদের গবেষণা কার্যক্রম, দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতা আরও বাড়াতে হবে বলে তিনি পরামর্শ দেন।

গণমাধ্যম ও চিকিৎসকদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যম এবং চিকিৎসকরা কখনোই একে অপরের প্রতিপক্ষ নন। বরং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে প্রকাশ পেলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়, যার ফলে সার্বিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হয়।

ভাষণের শেষ পর্যায়ে তিনি করোনা মহামারি ও অন্যান্য জাতীয় স্বাস্থ্য সংকটে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ইউএপি-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ