নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা বাড়াল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ নভেম্বর): পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি (ঋণাত্মক মূলধন) এবং অবাস্তবায়িত ক্ষতি সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি চলতি বছরেই সমন্বয় করতে হবে।

একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না। এসব হিসাবে মার্জিন ঋণের সুদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপেও নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। পাশাপাশি বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবেন না।

গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ নেগেটিভ ইক্যুইটি থাকবে, তার ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সমন্বয়ের সময়সীমা এরই মধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।

অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে চলতি বছরে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা ২০২৬ সালেই সমন্বয় করতে হবে। এ ধরনের নতুন নেগেটিভ ইক্যুইটির বিপরীতে পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না।

নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের ক্ষেত্রে কয়েকটি শর্তও দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। এসব বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটেও করা যাবে না।

এ ছাড়া প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের পুরো সময়ে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা কিংবা তাদের ওপর আর্থিক দায় চাপানো যাবে না।

বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

বিএসইসি মনে করছে, এ সিদ্ধান্তের ফলে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

এটিবির বন্ড আসবে মূল বোর্ডে

কমিশন সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত ছিল, কিন্তু এখনো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

এ ছাড়া বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার জন্য একই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা ও প্রয়োজনীয় শর্ত অনুসরণ করে আবেদন বিবেচনা এবং স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে।

আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

নতুন পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানাতে পারবে। স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষଣের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণও পর্যালোচনা ও বিবেচনা করে আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ দাখিল করবে।

এ পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনার পুরো প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন হবে। এতে ইস্যুয়ার কোম্পানির জন্য আইপিও-প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী হবে এবং সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে কমিশন।

পরিচালকের ব্যাংকেই রাখা যাবে ডিভিডেন্ড হিসাব

ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড হিসাব পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এ জন্য ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা কমিশনের নির্দেশনা এবং পরবর্তী সংশোধনীতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করা হবে। নতুন নির্দেশনা জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে ইস্যুয়ার কোম্পানির পরিচালক কোনো ব্যাংকের পর্ষদে থাকলেও ওই ব্যাংকে কোম্পানির ডিভিডেন্ড হিসাব পরিচালনার সুযোগ তৈরি হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ