জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ নভেম্বর): তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে সফলভাবে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সংবাদ নিশ্চিত করেছেন।
এর আগে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। এর পূর্বে আন্তালিয়া ত্যাগ করার প্রাক্কালে বিমানবন্দরের আনুষ্ঠানিক বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল। স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
গত ১০ নভেম্বর কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে যোগদানের উদ্দেশ্যে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সম্মেলনের অংশ হিসেবে বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি। ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর প্রধান সংকট ও চাহিদা মোকাবিলায় পাঁচটি সুনির্দিষ্ট ও জরুরি পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের ফাঁকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়া মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক অংশীদারত্ব, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের জোরালো ভূমিকার কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে প্রত্যাবাসনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কূটনৈতিক ও বাস্তব সহযোগিতা কামনা করা হয়।
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে জ্বালানি খাত, ভারী শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ আকর্ষণের বিষয়টি গুরুত্ব পায়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতকরণে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজতর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উজবেক প্রেসিডেন্ট তাঁকে সফরের আমন্ত্রণ জানালে নতুন বছরে সেই সফর সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তাঁর ম্যান্ডেট লাভ করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও দেশের পুনর্গঠন প্রক্রিয়া, বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের সমসাময়িক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় স্থান পায়। অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন সুদৃঢ়করণ এবং বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সামগ্রিক এসব কূটনৈতিক আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পারস্পরিক কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো প্রধান্য পায়।
অন্যদিকে, সফরসঙ্গী ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে সক্রিয়ভাবে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদে ও টেকসই জ্বালানিতে রূপান্তর করতে সরকারের নীতিগত নানা উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া কপ৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত বিশেষ নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। পাশাপাশি আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গী ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও যোগ দেন ডা. জুবাইদা রহমান।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
