চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ নভেম্বর): দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন অপরিহার্য।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করলেও এবং সরকারের তরফ থেকে যথেষ্ট বিনিয়োগ থাকলেও সাধারণ মানুষ সেই বিনিয়োগের প্রকৃত সুফল পাচ্ছে না। বর্তমান চিকিৎসাব্যবস্থায় এমন এক জটিলতা তৈরি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জন্য সেবা পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসকদের পাওয়া যায় না। এর ফলে প্রান্তিক মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন। এ পরিস্থিতি উত্তরণে তিনি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের আহ্বান জানান।
তরুণ চিকিৎসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, পড়াশোনা শেষ করে অনেকেরই গ্রামে গিয়ে সেবা দিতে অনীহা দেখা যায়। কেউ কেউ গেলেও অল্প কিছুদিন পর বিভিন্ন প্রশিক্ষণ বা অন্য অজুহাতে চলে আসেন। এই মানসিকতার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করার তাগিদ দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলেই এই ব্যবস্থার দ্রুত উন্নয়ন সম্ভব। এছাড়া পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতা বন্ধ করা দরকার।
দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক মানের এমন সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের দক্ষতা বৃদ্ধি ও ডেন্টাল স্বাস্থ্য খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সংগঠনটির প্রকাশিত স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।
মনোয়ারুল হক/
