জনগণের আস্থা ও সহযোগিতা সরকারের মূল শক্তি

নরসিংদী প্রতিনিধি এবিসিনিউজবিডি, (২৬ সেপ্টেম্বর): জনগণের আস্থা এবং সহযোগিতাই সরকারের মূল শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা, সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছেন।

তিনি আরও উল্লেখ করেন, সরকারি কাজে কোনো প্রকার ভুল-ত্রুটি দেখা দিলে জনগণ তা যেন গঠনমূলক উপায়ে তুলে ধরে। সাধারণ মানুষের মতামত ও মূল্যবান পরামর্শের ভিত্তিতে ভুল শুধরে সেবার মান আরও বাড়িয়ে তুলতে হবে। জনগণের আস্থা ও সহযোগিতাই বর্তমান সরকারের প্রধান শক্তি।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সরকারের এই ধরনের সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। আজকের এই আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে।

অনুষ্ঠান শেষে তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছয় দরিয়া বিলে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় পোনামাছ অবমুক্তকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের পুষ্টি ও খাদ্যের চাহিদা পূরণে মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

তিনি আরও যোগ করেন, মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সমানভাবে জরুরি। দেশের সব জলাশয়ে মাছের উৎপাদন বহুগুণ বাড়াতে তিনি দেশের সব নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ