ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ সেপ্টেম্বর): পুলিশ বাহিনীর কিছু সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন এবং তাদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন—এমন অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর আইনে মামলা করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে সরকার ছাড় দেবে না। এ সময় তিনি স্পষ্ট করেন যে, ভালো কাজের জন্য ‘পুরস্কার ও শাস্তি’ বা ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ নীতি বলবৎ থাকবে। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সরকার তাদের পুরস্কৃত করবে। অন্যদিকে, দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কাজের সঙ্গে জড়ালে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি আইনেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার ও অপব্যবহারের নজির রয়েছে এবং বহু সদস্যকে অবৈধ আদেশ মানতে বাধ্য করা হয়েছিল। তবে বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রেখে স্বাধীনভাবে আইন অনুযায়ী কাজ করার সুযোগ দিচ্ছে। পুলিশ সদস্যদের সামনে এখন নিজেদের সংশোধন করে নতুনভাবে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার সুবর্ণ সুযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ এখন আর কোনো রাজনৈতিক বা বিশেষ গোষ্ঠীর নয়, বরং প্রকৃত অর্থে ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এমন কোনো কাজের অনুমতি বা আশ্রয় দেবেন না, যা সমাজে অশান্তি তৈরি করতে পারে বা জনগণের কাছে অগণতান্ত্রিক মনে হয়। তবে দায়িত্ব পালনে ভুলত্রুটি হলেও যারা সৎভাবে কাজ করার চেষ্টা করবেন, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশবাসীর পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে পুলিশকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগেই আপনাদের দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সততা, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।
পুলিশের আধুনিকায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধ দমনের সুবিধার্থে আগামী সপ্তাহে একটি পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে। এর সদর দপ্তরের পাশাপাশি মেট্রোপলিটন এলাকা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এর শাখা থাকবে। অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, ফরেনসিক ল্যাব এবং অন্যান্য লজিস্টিক সহায়তা ধাপে ধাপে আরও বৃদ্ধি করা হবে।
এছাড়া দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের দমনে পুলিশকে গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মনোয়ারুল হক/
