ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩
পঞ্চগড় প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর): পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যম কর্মীর স্ত্রী ও শিশু কন্যাসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। এদের মধ্যে মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তারা হলেন— বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীভর্তি থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁয়ে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল সড়ক দুর্ঘটনায় ওই তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করা হয়েছে এবং এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মনোয়ারুল হক/
