পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৪ সেপ্টেম্বর): চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের সুযোগ নিয়ে বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পরিবারের সহযোগিতায় পালিয়ে যান ওই সন্ত্রাসী।

হামলাকারীদের ছোড়া ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার বডিগার্ডসহ পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।

খুলশী থানার ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে ওয়াকিল হোসেন দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের একটি ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ওই ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি ওয়াকিল হোসেনকে ধরতে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় অভিযানে নামে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র ওয়াকিল হোসেনের অনুসারীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। সন্ত্রাসীদের হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়িটি ভাঙচুর ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এই হামলায় ওসির হাতসহ ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশের একাধিক দল ওয়্যারলেস এলাকার প্রতিটি গলি ও ওয়াকিলের বাসভবনে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় তার বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান মেলে। ওই সুড়ঙ্গপথ ব্যবহার করে এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় অভিযানের আগেই সটকে পড়েন তিনি। তবে অভিযানের সময় তিনি নিজেই মোবাইল ফোন ও ভিডিও কলে পুলিশকে বিভিন্ন ধরনের হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, কলেজশিক্ষক পেটানোর ঘটনায় নিয়মিত মামলা এবং আসামির বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ অভিযানে গিয়েছিল। কিন্তু আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ওয়াকিল হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কে এই ওয়াকিল হোসেন বগা?

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগা দীর্ঘ দিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি এবং বিস্ফোরক আইনের মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে।

সর্বশেষ গত রোববার (৩০ আগস্ট) পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতন এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় তাকে ২ নম্বর আসামি করে ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়। ওই ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ