রাজশাহীতে আখচাষিদেরকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২০ অক্টোবর): রাজশাহী অঞ্চলে আখ চাষে সম্পৃক্ত ৩৮ হাজার ৯৭০ জন চাষির মাঝে মোট ১২ কোটি টাকার আর্থিক সহায়তা প্রণোদনা হিসেবে প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আখচাষিদের প্রণোদনা বিতরণ ও বিশাল জনসভায় ডিজিটাল পদ্ধতিতে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই কম্পিউটারের বিশেষ বোতাম চেপে সরাসরি সংশ্লিষ্ট চাষিদের মোবাইল অ্যাকাউন্টে এই সহায়তার অর্থ পাঠিয়ে দেন।

ডিজিটাল এই প্রক্রিয়া চালুর প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটি বোতাম চাপ দেবো। এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আখচাষি ভাইদের অ্যাকাউন্টগুলোতে সরকারি সহযোগিতার অর্থ মাত্র কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে, ইনশাল্লাহ।’

সরকার আখ চাষের প্রসারের জন্য সার্বিক সহায়তার অংশ হিসেবে মোট ১২ কোটি টাকা বরাদ্দ করেছে উল্লেখ করে তিনি জানান, এই বরাদ্দের সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট সংখ্যক ৩৮ হাজার ৯৭০ জন চাষির কাছে পৌঁছানো হবে। কৃষকদের প্রতি এই সহায়তা আখ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরপর প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটার বাটনটি চাপেন। এ সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো জনতা সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মূল অনুষ্ঠানমালায় প্রধানমন্ত্রী ১৫ জন নির্বাচিত আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন।

চেক প্রাপ্ত এই ১৫ জন চাষি হলেন— আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন এবং রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রাজশাহী জেলার বিভিন্ন এলাকা ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে সমাবেশে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের উপস্থিতি লক্ষ করা যায়। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে এসে পৌঁছান এবং সেখানে উপস্থিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

উক্ত জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নির্ধারিত জনসভা সম্পন্ন করার পর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান এবং এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ