যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় হামলায় ইরানের ৩ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ সেপ্টেম্বর): যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন পাইলটসহ মোট ১৯ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করে জানানো হয়েছে, তারা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান। এদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন। তবে ঠিক কোন স্থানে এই হামলার ঘটনা ঘটেছে কিংবা তারা সে সময় কোনো মিশনে বা যুদ্ধবিমান চালনায় অংশ নিচ্ছিলেন কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গল ও বুধবার দেশজুড়ে চালানো মার্কিন বোমাবর্ষণে ১৯ জনের প্রাণহানির এই ঘটনা ঘটে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন। এছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিনজন এবং ফার্স প্রদেশে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে খুজেস্তানে সরকারিভাবে প্রকাশিত তালিকায় নৌবাহিনীর যে ছয় কর্মকর্তার মৃত্যুর কথা বলা হয়েছে, তাদের সঙ্গে এই চারজন যুক্ত কি না, সে বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ