ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, প্রাইভেসি সুরক্ষায় মেটার নতুন চমক
আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ আগস্ট) : স্মার্টফোনের জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর দীর্ঘদিনের দাবির মুখে এবার মোবাইল ফোন নম্বর আদান-প্রদান ছাড়াই যোগাযোগের সুবিধা চালু করতে চলেছে মেটা।
চলতি বছর থেকেই বিশ্বব্যাপী ধাপে ধাপে এই ফিচার উন্মুক্ত করা হচ্ছে এবং এর অংশ হিসেবে ইতিমধ্যে ইউজার নেম বুকিং বা রিজার্ভ করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন এই ব্যবস্থা চালু হলে কাউকে আর নিজের ব্যক্তিগত নম্বর দিতে হবে না, শুধু একটি ইউনিক ইউজার নেম শেয়ার করেই যোগাযোগ করা যাবে। যদিও অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতো মোবাইল নম্বর প্রয়োজন হবে, তবে তা অন্যদের কাছে সম্পূর্ণ অদৃশ্য থাকবে।
হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানিয়েছেন, বিশেষ করে গ্রুপ চ্যাটে নিজের নম্বর গোপন রেখে নিরাপদ যোগাযোগের কথা মাথায় রেখেই ফিচারটি তৈরি করা হয়েছে এবং গ্রাহকেরা চাইলে যেকোনো সময় তাঁদের ইউজার নেম পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন।
ইউজার নেম তৈরির ক্ষেত্রে প্ল্যাটফর্মটি কিছু নির্দিষ্ট নিয়ম ও নিরাপত্তা নির্দেশনা নির্ধারণ করেছে। নামগুলোর দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৩৫ অক্ষরের মধ্যে। এতে ইংরেজি ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ এবং আন্ডারস্কোর ব্যবহার করা গেলেও প্রতারণা রোধে কোনো নাম ‘ডব্লিউডব্লিউডব্লিউ’ দিয়ে শুরু করা যাবে না কিংবা নামের শেষে ডোমেইন যোগ করা যাবে না। পাশাপাশি শুধু সংখ্যা বা প্রতীক দিয়ে নাম তৈরি করা নিষিদ্ধ এবং নামের মধ্যে অন্তত একটি ইংরেজি অক্ষর থাকতেই হবে। সেলিব্রিটি বা সরকারি ব্যক্তিদের নামের অপব্যবহার ও নকল ঠেকাতে হাই-প্রোফাইল নামগুলো আগে থেকেই লক বা সংরক্ষিত করে রাখা হচ্ছে।
এ ছাড়া মেটার অন্যান্য প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে অ্যাকাউন্ট লিংক করে ব্যবহারকারীরা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামের নিজস্ব ইউজার নেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন। তবে এই বুকিং প্রক্রিয়াটি কেবল মোবাইল অ্যাপ থেকেই সম্পন্ন করা যাবে, হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণে এই সুবিধা মিলবে না। ফিচারটি অ্যাকাউন্টে যুক্ত হয়েছে কি না, তা জানতে প্রোফাইল সেটিংসে নজর রাখতে হবে।
চ্যাটের মূল মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত থাকলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারিসা ভেলিজের মতো বিশেষজ্ঞরা মেটার মেটাডেটা সংগ্রহের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
অনেকে ইউজার নেমের সুবাদে স্ক্যাম বা প্রতারণা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করলেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অপব্যবহার রোধে প্ল্যাটফর্মে বহুস্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে একটি বিশেষ ব্যবস্থা হলো ‘ইউজার নেম কি’ বা সংক্ষিপ্ত কোড, যা সচল থাকলে সুনির্দিষ্ট ইউজার নেম ও ওই কোড জানা না থাকলে অপরিচিত কেউ চাইলেই প্রথমে মেসেজ পাঠাতে পারবে না।
এ ছাড়া যেকোনো অবাঞ্ছিত ব্যবহারকারীকে ব্লক ও রিপোর্ট করার সুযোগ তো থাকছেই।
সূত্র: বিবিসি, দ্য ইকোনমিক টাইমস
মনোয়ারুল হক/
