মেকআপ ছাড়াই গালে প্রাকৃতিক গোলাপি আভা আনার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ আগস্ট) : আজকাল প্রসাধন সামগ্রীর মধ্যে ব্লাশঅনের জনপ্রিয়তা বেশ লক্ষণীয়। যে কোনো মেকআপের লুক সম্পূর্ণ করতে দুই গালে ব্লাশঅনের ছোঁয়া চেহারায় এনে দেয় এক সতেজ ও প্রাণবন্ত রূপ। বাজারে নানা ধরনের পাউডার বা ক্রিমি ব্লাশঅন পাওয়া গেলেও, কৃত্রিম উপাদানের চেয়ে শরীরের অভ্যন্তরীণ পুষ্টির দিকে নজর দিলে ত্বকে আসে দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যোজ্জ্বল দীপ্তি। নির্দিষ্ট কিছু খাবার রক্ত সঞ্চালন সচল রাখতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা ভেতর থেকেই ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর করে তোলে। কৃত্রিম ব্লাশঅন ছাড়াই গালে লালচে বা গোলাপি আভা ফুটিয়ে তুলতে যেসব খাবার ও ঘরোয়া উপাদান দারুণ কার্যকরী, তা নিয়েই এই আয়োজন।

প্রাকৃতিক উপায়ে গাল লালচে ও উজ্জ্বল করার খাবার

ত্বককে ভেতর থেকে গোলাপি ও সতেজ করতে ডায়েটে এমন সব খাবার রাখা প্রয়োজন যা রক্ত পরিষ্কার করে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে। নিয়মিত খাদ্যতালিকায় এই ফল ও সবজিগুলো রাখা হলে জাদুকরী সুফল পাওয়া যায়।

বিটরুট: এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও আয়রন থাকে। বিটরুট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত সঞ্চালন দ্রুত করে, যার ফলে গালে প্রাকৃতিক লালচে আভা ফুটে ওঠে।

ডালিম বা বেদানা: প্রয়োজনীয় খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বেদানা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এটি ত্বকের মৃত কোষ দূর করে চেহারায় এক অপূর্ব গোলাপি ভাব এনে দেয়।

গাজর: এতে উচ্চমাত্রায় ভিটামিন ‘এ’ এবং বিটা-ক্যারোটিন বিদ্যমান। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রেখে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

টমেটো: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেনসমৃদ্ধ টমেটো ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ব্লাশঅনের মতো কাজ করার পাশাপাশি ত্বক টানটান রাখতেও ভূমিকা রাখে।

স্ট্রবেরি ও চেরি: এই লাল রঙের ফলগুলোতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও আলফা-হাইড্রক্সি অ্যাসিড। এগুলো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে গাল ও ঠোঁটের প্রাকৃতিক লালচে ভাব ফুটিয়ে তুলতে সাহায্য করে।

দ্রুত সুফল পাওয়ার কার্যকর কিছু উপায়

অভ্যন্তরীণ পুষ্টির পাশাপাশি সঠিক নিয়মে খাবার গ্রহণের মাধ্যমে খুব দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

ডিটক্স জুস: প্রতিদিন সকালে গাজর, বিটরুট এবং আধা ফালি লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে পান করতে পারেন।

পুষ্টিকর সালাদ: দুপুর কিংবা রাতের খাবারের মেনুতে টমেটো, শসা এবং ডালিমের দানা দিয়ে তৈরি সালাদ নিয়মিত রাখুন।

বাহ্যিক যত্নে প্রাকৃতিক ব্লাশঅন

খাবারের পাশাপাশি সরাসরি ত্বকে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেও চমৎকার ফল পাওয়া যায়। বিটরুট ও টমেটোর সঠিক ব্যবহার স্ক্র্যাব ও প্রাকৃতিক ব্লাশঅন হিসেবে দারুণ কার্যকর।

বিটরুট ও টক দইয়ের ফেসপ্যাক: এক চামচ বিটরুটের রসের সঙ্গে এক চামচ ঘন টক দই মিশিয়ে পুরো মুখ ও গালে লাগাতে হবে। পনেরো থেকে কুড়ি মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। টক দই ত্বককে নরম করে এবং বিটরুট গালে স্থায়ী গোলাপি আভা আনে। সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করা যেতে পারে।

টমেটো ও চিনির স্ক্র্যাব: একটি পাকা টমেটো মাঝখান থেকে কেটে তার ওপর সামান্য চিনি ছিটিয়ে নিতে হবে। এরপর এটি দিয়ে মুখে ও গালে বৃত্তাকার গতিতে তিন থেকে পাঁচ মিনিট হালকা হাতে স্ক্রাব করতে হবে। আরও পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বকের মরা চামড়া দূর হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা গালকে তাৎক্ষণিকভাবে সতেজ ও লালচে করে তোলে। সপ্তাহে দুই দিন এটি করা উপকারী।

বিটরুট ও গ্লিসারিনের নাইট সিরাম: এক চামচ বিটরুটের রসের সঙ্গে আধা চামচ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে একটি সিরাম বানিয়ে নেওয়া যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি গালে মেখে রাখা এবং সকালে ধুয়ে ফেলা উচিত। নিয়মিত ব্যবহারে খুব দ্রুত গালে প্রাকৃতিক গোলাপি আভা ফুটে ওঠে।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ