হামের প্রকোপে নতুন করে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৮৩
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ সেপ্টেম্বর): দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০০ জনের। সব মিলিয়ে গত এক দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৮৩ জনে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। এর মধ্যে পরীক্ষিতভাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই পুরো সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন রোগী।
চলতি বছর গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গযুক্ত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮০ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষিতভাবে নিশ্চিত হামে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।
মনোয়ারুল হক/
