জানুয়ারিতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ইসির
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ সেপ্টেম্বর): আগামী জানুয়ারি মাসে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জোরালো আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, ভোটের তারিখের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে সম্ভাব্য তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে কমিশন। খুব দ্রুতই এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় ওই সময়টিকে নির্বাচন থেকে বাদ রাখা হচ্ছে বলে তিনি জানান। এই বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে যে পাবলিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষাসমূহ রয়েছে, সেগুলোতে ব্যাঘাত না ঘটিয়ে এবং কোমলমতি ছাত্র-ছাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের কথা ভাবছি।’
তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নভেম্বর বা ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলেই জানুয়ারির দিকে ভোটগ্রহণ করা সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার একটি নির্দিষ্ট সময়সীমা বা টাইমলাইন সামনে রেখে কমিশন এগোচ্ছে। এর মধ্যে যদি চলমান সব মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হয়, তবে ইউনিয়ন পরিষদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে নির্বাচন করতে গেলে প্রতি ধাপে প্রার্থীর সংখ্যা ও পরিধি বেশ বড় হবে বলেও উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার।
মনোয়ারুল হক/
