মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে 

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ অক্টোবর): বর্তমান প্রশাসন মানবপাচার রোধ এবং সব ধরনের সংঘবদ্ধ অপরাধ নির্মূলে কঠোর ও শূন্য সহনশীলতার অবস্থান বজায় রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসুদির সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

উক্ত বৈঠকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম এবং ভিকটিমদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, সরকার ভিকটিমদের নিরাপত্তা প্রদান, যথাযথ পুনর্বাসন নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) ও মানবপাচার প্রতিরোধ তহবিল সফলভাবে পরিচালনা করছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট এনজিও কার্যক্রম এবং নতুন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইদানীং বৈদেশিক কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাইবার জগত ও বিভিন্ন প্রতারক অনলাইন জব অফারের মাধ্যমে যে সমস্ত জালিয়াতি ও মানবপাচারের ঘটনা ঘটছে, সেসব চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে, ২০০৮ সাল থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ অংশীদারিত্বে মানবপাচার রোধে কাজ করে যাওয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসোদা মাকসুদি।

এছাড়া, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং দমন আইন (২০২৬) এবং আগামী ২০২৬-২০৩০ মেয়াদের নতুন জাতীয় কর্মপরিকল্পনা (এনপিএ) বাস্তবায়নে উইনরক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর দীপ্তা রক্ষিত ও নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ