ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৯ অক্টোবর): ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আসনটির মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।

ঠাকুরগাঁও সদর উপজেলা, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এবারের উপনির্বাচনে বিভিন্ন দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন—বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে হাফেজ মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক নিয়ে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া কোনো ধরনের অভিযোগ পাওয়া মাত্রই তা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং সেল কাজ করছে। সিসি ক্যামেরা, বডি ক্যামেরা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ড্রোন ব্যবহারের মাধ্যমে পুরো নির্বাচনী এলাকায় কঠোর নজরদারি রাখা হচ্ছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনে মোট ৩ হাজার ১৫২ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২১ প্লাটুন বিজিবি, এসআরবির ২৫১ জন সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং ২ হাজার ৪৬৫ জন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ