পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৯ অক্টোবর): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন সামরিক হামলার কথা চিন্তা করছেন—এমন গুঞ্জনের মাঝেই পেন্টাগনের উচ্চপর্যায়ের এক সামরিক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট চিফস অব স্টাফের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সিলভিয়া জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক পরিমণ্ডলে এই পদটি সাধারণত ‘জে-৫’ হিসেবে পরিচিত।
হেগসেথের কার্যকালে এই গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হওয়া দ্বিতীয় কোনো জেনারেল হলেন সিলভিয়া। এর আগে গত বছরের অক্টোবরে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সিলভিয়ার শূন্য পদে এখনো নতুন কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি এবং তাকে আকস্মিক বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণও প্রকাশ করা হয়নি। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য আটলান্টিক’ এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল।
এদিকে জয়েন্ট স্টাফের পক্ষ থেকে এক মুখপাত্র সিলভিয়ার দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য সামরিক সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ও তার পরিবারের ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল; অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
মনোয়ারুল হক/
