বর্ষায় গোসলের পানিতে নিমপাতা মেশানোর যত উপকার
লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ জুলাই) : বর্ষাকালে গরম হালকা কমে, তবে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। কারণ রোদ-বৃষ্টির দিনগুলোতে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ঘাম দীর্ঘ সময় ধরে শরীরে লেগে থাকে। এই পরিস্থিতিতে ছত্রাক দ্রুত বৃদ্ধি পায় এবং ত্বককে সংক্রমিত করতে পারে।
প্রাথমিকভাবে, এটি কেবল হালকা চুলকানি বা লালচে ভাব হিসাবে অনুভূত হয়। সময়মতো এর প্রতিকার না করলে এই সমস্যাটি আরও গুরুতর হতে পারে বলে জানানো হয়েছে ভারতের গণমাধ্যম নিউজ১৮-এর একটি প্রতিবেদনে। ওই প্রতিবেদনে ঘরোয়া প্রতিকার হিসেবে গোসলের পানিতে নিমপাতা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
ভারতের চিকিৎসক রাজকুমার আয়ুশ ব্যাখ্যা করেছেন যে, ছত্রাক সংক্রমণ সাধারণত শরীরের আর্দ্রতাপূর্ণ স্থান, যেমন পায়ের আঙুলের ফাঁক, বগল, কুঁচকি, ঘাড়, উরু এবং ত্বকের ভাঁজে বেশি দেখা যায়। প্রাথমিকভাবে, এর লক্ষণগুলোর মধ্যে চুলকানি, ফুসকুড়ি, জ্বালাপোড়া বা চামড়া ওঠার সমস্যা দেখা দেয়। মানুষ এটিকে সাধারণ চুলকানি ভেবে উপেক্ষা করে, কিন্তু এই অসাবধানতা সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে। দ্রুত চিকিৎসা না নিলে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
বহু বছর ধরেই ছত্রাক সংক্রমণ প্রতিরোধে নিমকে খুব কার্যকরী বলে মনে করা হয়। তাই পানিতে নিমপাতা ফুটিয়ে সেই পানিতে গোসল করতে পারেন। নিমের ছত্রাক-রোধী গুণ ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। ত্বকের ফুস্কুড়ি, র্যাশ, চুলকানি সমস্যা কমাতে এবং ব্রণ দূর করতেও কার্যকর নিম। গরমে শরীর থেকে বের হওয়া কটূ গন্ধ বা ব্যাকটেরিয়াজনিত গন্ধ দূর করতেও উপকারী এ পাতা। নিমপাতার পানি দিয়ে গোসল করলে শরীর সতেজ থাকে এবং ঠান্ডা-সর্দি-কাশির সমস্যা কমে। ছত্রাকের সংক্রমণ দূর করতে দুই থেকে তিন ফোঁটা টি ট্রি অয়েল নারকেল তেলে মিশিয়ে আক্রান্ত স্থানে আলতোভাবে লাগালেও উপকার মিলে।
বর্ষাকালে সংক্রমণ এড়াতে পোশাক নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ। সুতি ও ঢিলেঢালা পোশাক পরা শ্রেয়। কারণ এগুলো দ্রুত ঘাম শোষণ করে এবং ত্বককে শ্বাস নিতে দেয়। খুব আঁটসাঁট বা সিন্থেটিক পোশাক দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখে, যা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। আপনি যদি জিমে যান বা আপনার খুব ঘাম হয়, তাহলে ব্যায়ামের পরপরই গোসল করে পরিষ্কার পোশাক পরুন। সূত্র: নিউজ১৮
মনোয়ারুল হক/
